মা-ছেলেকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন!
নাটোরের সদর উপজেলার দস্তানাবাদ এলাকায় মা বিলকিস বেগম (৫০) ও ছেলে আলিফ হোসেনকে (১১) জবাই করে হত্যার দায়ে শাহআলম (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় সোহাগ হোসেন নামে অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মিন্টু নামে আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহআলম সদর উপজেলার দস্তানাবাদ এলাকার শাহাদৎ সর্দারের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সোহাগ হোসেন একই এলাকার আশরাফ হোসেনের ছেলে। খালাস পাওয়া মিন্টু ওই এলাকার ওয়াজ আলীর ছেলে।
মামলার নথি সূত্রে জানা যায়, নিজের নামে থাকা সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা শাহাদৎ সর্দারের সঙ্গে ছেলে শাহআলমের বিরোধ সৃষ্টি হয়। ২০১৭ সালের ১৯ নভেম্বর দুপুরে শাহাদৎ সর্দার বাড়িতে স্ত্রী বিলকিস বেগম ও নাতি আলিফ হোসেনকে রেখে ঝলমলিয়া বাজারে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান শাহাদৎ বীজ ভান্ডারে যান।
ব্যবসার কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে দরজায় দাঁড়িয়ে স্ত্রীকে ডাক দিলে ছেলে শাহআলম ধারালো হাসুয়া দিয়ে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি জানতে পারেন, তার স্ত্রী বিলকিস বেগম ও নাতি আলিফকে জবাই করে হত্যা করেছে শাহআলম।
নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাহেদ মাহমুদ টিটু বলেন, মাদকাসক্তির কারণে শাহআলমের দুই স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। এরপর প্রথম স্ত্রীর ছেলে আলিফ হোসেন দাদা-দাদির কাছেই থাকতো। সম্পত্তি লিখে না দেওয়াকে কেন্দ্র করে বাবা শাহাদৎ সর্দার ও মা বিলকিস বেগমের সঙ্গে শাহআলমের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে তিনি মা বিলকিস বেগম ও তাঁর সঙ্গে থাকা নিজের ছেলে আলিফ হোসেনকে জবাই করে হত্যা করেন। পরে বাড়িতে ফিরে আসা বাবা শাহাদৎ সর্দারকেও কুপিয়ে জখম করেন।
ঘটনার পর স্থানীয়রা শাহআলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর দুই দিন পর, ২১ নভেম্বর রাতে ছেলে শাহআলমসহ চারজনকে আসামি করে নাটোর সদর থানায় হত্যা মামলা করেন শাহাদৎ সর্দার। পরে তদন্তে মকবুল হোসেনের সম্পৃক্ততা না পাওয়ায় তার নাম বাদ দিয়ে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।
নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, দীর্ঘদিন মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিচারক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহআলমকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য একটি ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপর আসামি সোহাগ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।
বিভি/নাটোর/পিএইচ













মন্তব্য করুন: