১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে দ্রুত একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।
রবিবার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
আদালতের নির্দেশনা অনুযায়ী, টেলিযোগাযোগ, নারী ও শিশুবিষয়ক, স্বাস্থ্য এবং আইন মন্ত্রণালয়ের সচিবদের পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
রুলে জানতে চাওয়া হয়েছে, ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব মূল্যায়ন এবং এ বিষয়ে নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন তিনি।
রিট আবেদনকারী আইনজীবী বলেন, বাংলাদেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে শিশুরা নিয়ন্ত্রণহীনভাবে এসব মাধ্যম ব্যবহার করছে এবং নানা ধরনের নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের স্বাভাবিক মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিচালিত একটি গবেষণার তথ্যও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়ের চেয়েও তাদের ব্যবহার বেশি।
গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যার সম্পর্কও পাওয়া গেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।
রিট আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার দক্ষতা ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে ব্যাহত হতে পারে শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক মানসিক সুস্থতা।
বিভি/এজেড













মন্তব্য করুন: