• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাভিশনে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জের

সরিয়ে দেওয়া হলো জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী আউয়ালকে, নতুন দায়িত্বে জামানুর

প্রকাশিত: ১৯:২১, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সরিয়ে দেওয়া হলো জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী আউয়ালকে, নতুন দায়িত্বে জামানুর

ছবি: মো. আব্দুল আউয়াল

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) বহুল আলোচিত ও বিতর্কিত রুটিন দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল আউয়ালকে অবশেষে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। একইসাথে অধিদপ্তরের নতুন রুটিন দায়িত্ব দিয়ে প্রধান প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জামানুর রহমানকে।

অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে বাংলাভিশনের নিজস্ব প্রতিবেদক শুভ মাহফুজের তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদন ‘বাংলাভিশন সংবাদে’ ধারাবাহিকভাবে প্রচারের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়।

গেল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৭ নভেম্বরের স্মারকে জারি করা মো. আব্দুল আউয়ালকে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব প্রদানের আদেশটি বাতিল করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দা.) মো. জামানুর রহমানকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব প্রদানপূর্বক ঢাকা কার্যালয়ে পদায়ন করা হলো।

এর আগে বাংলাভিশন সংবাদে প্রচারিত বিশেষ অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনে আব্দুল আউয়ালের বিরুদ্ধে সিনিয়র ২৬ জন কর্মকর্তাকে ডিঙিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন, প্রাক্কলন বা এস্টিমেট ও বদলি বাণিজ্যের পাশাপাশি নোয়াখালী ও জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় কয়েকটি প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়ম-হরি লুটের চিত্র তথ্য-প্রমাণসহ তুলে ধরা হয়। এরপরই সংক্ষুব্ধ হন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বিভি/এমআর

মন্তব্য করুন: