মরিয়মের ঝুলন্ত মরদেহ কে আগে দেখেছিলেন, পুলিশকে খবর দিয়েছিলেন যিনি
দুপুরের খাবার শেষে বিশ্রামে গিয়েছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ও তার দুই স্ত্রী। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে বন্ধ পান তার কক্ষের দরজা। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি।
একপর্যায়ে জানালা দিয়ে ভেতরে তাকাতেই নজরুল ইসলাম দেখতে পান, ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন মরিয়ম। পরে তিনি দ্রুত পুলিশকে খবর দেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সংসদ সদস্যদের বাসভবন (ন্যাম ভবন) এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে দুই স্ত্রীকে নিয়ে খাবার খান সংসদ সদস্য নজরুল ইসলাম। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তারা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। বিকেল ৫টার পর ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান নজরুল ইসলাম। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকালে তাকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ও ফরেনসিক দল। পরে দরজা ভেঙে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ২০৩ নম্বর কক্ষে দুই স্ত্রীকে নিয়ে থাকতেন সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। ঘটনার পর কক্ষটির সামনে ক্রাইমসিন টেপ লাগিয়ে দেওয়া হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে মরদেহের সুরতহাল করেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দল গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: