• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নেশার টাকার জন্য ১৩ মাসের কন্যাকে ৩১ হাজারে বিক্রি, বাবাসহ আটক ৪

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নেশার টাকার জন্য ১৩ মাসের কন্যাকে ৩১ হাজারে বিক্রি, বাবাসহ আটক ৪

গাইবান্ধায় নেশার টাকা জোগাড় করতে নিজের ১৩ মাস বয়সী মেয়েকে ৩১ হাজার টাকায় বিক্রির অভিযোগে বাবাসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় দুই মাস পর শিশুটিকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- সাদুল্লাপুরের মন্দুয়ার গ্রামের হামিদুল ইসলাম (৩৩), সদর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল মজিদ সরকার (৩৬), ফুলছড়ির মদনেরপাড়া গ্রামের মোর্শেদা খাতুন (৪৫) ও একই গ্রামের জেসমিন আক্তার (২৮)।

সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, রবিবার (২০ সেপ্টেম্বর) গাইবান্ধা ও রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। প্রথমে সাদুল্লাপুরের সারবাজার থেকে হামিদুলকে, পরে রংপুরের পীরগঞ্জের রায়পুর থেকে বাস হেলপার মজিদ সরকারকে এবং ফুলছড়ির মদনেরপাড়া থেকে মোর্শেদাকে আটক করা হয়। পরে মোর্শেদার দেওয়া তথ্যে মদনেরপাড়া ছলের মোড় এলাকার সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশু ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই জুস কিনে দেওয়ার কথা বলে মেয়েকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হন হামিদুল। এরপর আর ফেরেননি। শিশুটির মা রুমানা খাতুনের অভিযোগ, দুই দিন পর হামিদুল ফোন করে মেয়েকে ফেরত দিতে ১০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে বিক্রির হুমকি দেন। এরপর তার ফোন বন্ধ হয়ে যায়।

পরিবারের অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ে বিয়ের পর থেকেই মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতেন হামিদুল। পরে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান রুমানা। শিশুটিকে উদ্ধারে মা আদালতে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় আবেদন করলে গত ২৭ আগস্ট হামিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ডিবির ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, আদালতের নির্দেশনার পর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: