সিআইডি ও ডিবি পরিচয়ে মামলার বাদীদের থেকে টাকা আত্মসাৎ, চক্রের মূলহোতা গ্রেফতার
পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও তদন্ত খরচের কথা বলে টাকা আত্মসাৎ করা প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা।
প্রতারক চক্রের মূলহোতা মো. মোজাম্মেল হক কবিরকে নোয়াখালীর সুধারাম থানার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মোজাম্মেল হক কবির নোয়াখালী জেলার সুধারাম থানার গৌরীপুর খরিফার হাট এলাকার বেশারত উল্লাহ’র ছেলে।
পিবিআই জানিয়েছে, প্রতারক চক্রটি চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে কৌশলে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহ করত। পরে নিজেদের পিবিআই, সিআইডি বা ডিবির তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে মামলায় বাদীর পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে বিশ্বাস অর্জন করত।
এরপর গাড়ি ভাড়া ও তদন্তের খরচের নামে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করত। এ ঘটনায় পিবিআই চট্টগ্রাম জেলার এসআই মো. আবু সুফিয়ান বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর রাউজান থানায় মামলা করেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: