• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রিজনভ্যান থেকে পালিয়েছে পিচ্চি রাজা: ৫ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ১২:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রিজনভ্যান থেকে পালিয়েছে পিচ্চি রাজা: ৫ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ প্রিজনভ্যান থেকে পালিয়েছে। আদালতে হাজিরা শেষে কাশিমপুর কারাগারে ফেরার পথে গাজীপুরের নাওজোড় এলাকায় টয়লেটে যাওয়ার কথা বলে ভ্যান থেকে নামেন তিনি। এরপর সুযোগ বুঝে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে থাকা ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

জানা যায়, রবিবার রাতে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার কাছে পৌঁছালে পিচ্চি রাজা টয়লেটে যাওয়ার কথা বলেন। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ভ্যান থেকে নামিয়ে দিলে সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যান তিনি। প্রিজনভ্যানে থাকা অন্য বন্দীদের পরে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। পলাতক পিচ্চি রাজাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়। তখন তার সঙ্গে স্ত্রী ও শ্যালকও ছিলেন। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানার নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে বলে সে সময়ের প্রতিবেদনে জানানো হয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে পিচ্চি রাজার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদকসহ মোট ২৯টি মামলার কথা জানিয়েছিল পুলিশ। তবে সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে মামলার সংখ্যা ২৫টির বেশি বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ। সে সময় তার কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছিল। জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধের খবরও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এসেছে।

এদিকে, প্রিজনভ্যান থেকে একজন আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় কীভাবে নিরাপত্তার ঘাটতি তৈরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে পলাতক পিচ্চি রাজাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত