• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগ, সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত

ইউএনবি

প্রকাশিত: ১৫:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগ, সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত

গ্রাহকের অর্থ আত্মসাৎ, ঋণ জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে দুই কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির উদ্যোগও নেওয়া হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর লিটন কুমার ও বিপুল পালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে ২২ সেপ্টেম্বর ব্যাংকের জিএম মো. শওকত জামানের স্বাক্ষরিত চিঠিতে প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার এই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে লিটন কুমার ও বিপুল পাল নাটোর থেকে বদলি হয়ে সর্বশেষ নওগাঁ জেলায় কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ থাকায় দেশত্যাগে নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্য তিন কর্মকর্তা হলেন- এইচ এম রোকনুজ্জামান, হাফিজুর রহমান ও মনিরুজ্জামান। তারা নাটোরের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, লিটন কুমারের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৯২ লাখ ৭ হাজার টাকা এবং বিপুল পালের বিরুদ্ধে প্রায় ৩৫ লাখ ২৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। নাটোরে কর্মরত থাকার সময় বঙ্গবন্ধু পরিষদের নেতা হিসেবে প্রভাব বিস্তার করে তারা এসব অনিয়মে জড়িয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বাকি তিন কর্মকর্তার বিরুদ্ধেও বিপুল অঙ্কের ভুয়া ঋণপত্র তৈরি এবং অতিরিক্ত আমানত সৃষ্টিসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।

নাটোর সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আহসান রেজা বিষয়গুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগগুলোর বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের মধ্য দিয়ে এসব অনিয়মের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত