পান মসলার পরিবর্তে এলো নিষিদ্ধ তামাক, জব্দ করলেন গোয়েন্দারা
চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ৮ দশমিক ২৫ টন নিষিদ্ধ তামাক ও তামাকজাতীয় পণ্য এবং ৯ দশমিক ২৬ টন সন্দেহজনক স্ক্র্যাপ পেপার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পান মসলার ঘোষণা দিয়ে বিভিন্ন ধরনের পাউডার ও পাউডারজাতীয় পদার্থ এবং প্রিন্টেড পেপারের ঘোষণা দিয়ে স্ক্র্যাপ পেপার আনা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।
চাঞ্চল্যকর এ দুটি চালান একই প্রতিষ্ঠানের নামে একই কনটেইনারে আনা হয়। তবে যে প্রতিষ্ঠানের নামে চালানগুলো আমদানি করা হয়েছে, তাদের দাবি- এ চালান তারা আনেনি। তাদের নাম ও আমদানি-সংক্রান্ত নথি ব্যবহার করে কোনো অসাধু চক্র এ অপকর্ম করেছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গত ২২ সেপ্টেম্বর ‘এমভি উদ্দীপন’ জাহাজে করে কলকাতা থেকে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। আমদানি নথিতে ‘অথৈ এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান ৮ হাজার ৯৭৪ কেজি পান মসলা ও জর্দা আমদানির ঘোষণা দেয়। তবে কনটেইনার খুলে তল্লাশি চালিয়ে সেখানে আমদানি নিষিদ্ধ তামাক ও তামাকজাতীয় বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে অথৈ এন্টারপ্রাইজের প্রতিনিধিরা জানান, এ চালান আমদানির বিষয়ে প্রতিষ্ঠানটি কিছুই জানে না। তাদের দাবি, কোনো অসাধু চক্র প্রতিষ্ঠানের নাম ও আমদানি-সংক্রান্ত তথ্য ব্যবহার করে চালানটি এনেছে।
জব্দ করা পণ্যগুলো মাদকদ্রব্য বা অন্য কোনো নিষিদ্ধ উপাদান কি না, তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এদিকে একই জাহাজে ‘প্রিন্টেড পেপার’ ঘোষণা দিয়ে আনা হয় ৯ হাজার ২০০ কেজি স্ক্র্যাপ পেপার। ঘোষণার সঙ্গে পণ্যের মিল না থাকায় এ চালানটিও আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের বক্তব্য যাচাই এবং চালান দুটির প্রকৃত মালিক ও এর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: