করতোয়া-বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ ড্রেজার ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পলাশের বালু উত্তোলনের পয়েন্ট এবং রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকার রুস্তমের পয়েন্টে অভিযান চালানো হয়।
অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে মেশিন ও সরঞ্জাম ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: