২১ লাখ টাকার গ্যাস সিলিন্ডার জব্দ, ব্যবসায়ীর জেল-জরিমানা
বাগেরহাটের চিতলমারীতে লাইসেন্সের অনুমোদিত সীমার চেয়ে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে চিতলমারী উপজেলা পরিষদ মোড় এলাকায় মেসার্স রোহা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক মো. রিয়াদ মুন্সিকে এ সাজা দেওয়া হয়। আদালতের আদেশ দেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্সের শর্ত অনুযায়ী সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার অনুমতি ছিল। কিন্তু অভিযানে সেখানে ২ হাজার ৪২টি সিলিন্ডার পাওয়া যায়। এর মধ্যে ১৭৪টি পূর্ণ এবং ১ হাজার ৮৬৮টি খালি সিলিন্ডার।
ইউএনও খাদিজা আক্তার বলেন, অনুমোদিত সীমার চেয়ে বিপুল পরিমাণ সিলিন্ডার মজুত রাখার বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। এছাড়া জব্দ করা অনেক সিলিন্ডারের মেয়াদ ২০২২ ও ২০২৪ সালে শেষ হয়েছে।
তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী এসব সিলিন্ডার সরাসরি সংশ্লিষ্ট কোম্পানি থেকে সংগ্রহ করার কথা। কিন্তু প্রতিষ্ঠানটি বাইরে থেকে সিলিন্ডার রিফিল করাত বলে জানা গেছে। অতিরিক্ত সিলিন্ডার মজুত ও আইন লঙ্ঘনের কারণে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় ব্যবসায়ী রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জব্দ করা ৪০টি সিলিন্ডার বাদে বাকি সব সিলিন্ডার চিতলমারী থানায় নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিধি অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, জব্দ করা সিলিন্ডারগুলো থানায় রাখা হয়েছে। আর সাজাপ্রাপ্ত প্রতিষ্ঠানটির মালিক মো. রিয়াদ মুন্সিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: