ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে বিভিন্ন কোম্পানির সিম নিবন্ধন চক্রের ৩ সদস্য আটক
বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে বিভিন্ন কোম্পানির সিম নিবন্ধন চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রাম থেকে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. মামুন আলী খাঁ (৩০), মো. জিহাদ বিশ্বাস (২৩) ও মো. লিটু বিশ্বাস বাবু (২২)। এদের সবার বাড়ি সদর উপজেলার কার্তিকদিয়া এলাকায়।
এসময়, একটি ফিংগার স্ক্যানার মেশিন, চারটি USB পোর্ট, গ্রামীন ফোনের ২১টি সীম কার্ড, ফিঙ্গার প্রিন্ট বায়েমেট্রিক ছাপ সম্বলিত ১৪১টি রাবারের কিট, প্লাস্টিক পেপারের উপর ফিঙ্গারের বায়েমেট্রিক সম্বলিত ছয়টি ছাপ, নিবন্ধনের কাজে ব্যবহৃত কাগজের মার্কিং টেপ, তিনটি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতরা, স্মার্ট ফোনে স্মার্ট বিএল ও ককপিট এ্যাপস এবং উদ্ধার যন্ত্রপাতি ব্যবহার করে তারা ফিঙ্গার-প্রিন্ট ক্লোন করে সিম উত্তোলন করতেন। পরবর্তীতে এসব সিম আর্থিক অপরাধে জড়িত ব্যক্তিদের নিকট উচ্চমূল্যে সিম বিক্রয় করতেন বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
তিনি বলেন, এই প্রতারক চক্রটি গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির সিম উত্তোলন করতেন। পরে আর্থিক অপরাধীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেন এসব সিম। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এর আগে সম্প্রতি বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে সিম রিপ্লেসমেন্ট ও অর্থ হাতানো চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছিলো জেলা গোয়েন্দা পুলিশ। বাগেরহাটে এ ধরণের আরও চক্র থাকতে পারে বলে ধারণা পুলিশের।
বিভি/এসজি













মন্তব্য করুন: