• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

রাজধানীতে পৃথক অভিযানে সংঘবদ্ধ অপরাধচক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২০:২৪, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে পৃথক অভিযানে সংঘবদ্ধ অপরাধচক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রতিকী ছবি

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপরাধচক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কেরানীগঞ্জে বিক্রির জন্য মজুত রাখা অবৈধ সুইচগিয়ার চাকুসহ আরও একজনকে এবং চুরি করা পিতলের ঘণ্টা উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওরানবাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, গত কয়েক দিনে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি আল-আমিন, ওমর ফারুকসহ তাদের পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, ১৪ রাউন্ড গুলি এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ছাড়া কেরানীগঞ্জ মডেল থানার লাবনী পয়েন্ট এলাকার একটি বাসা থেকে বিক্রির জন্য মজুত রাখা ২১৩টি অবৈধ সুইচগিয়ার চাকুসহ এস এম রবীনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, রাজধানীর মোহাম্মদপুর সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার খোলা জায়গা থেকে প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় অভিযুক্ত আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: