গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আটক ১
যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে চুরির উদ্দেশ্যে কয়েকজন প্রবেশ করেন। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পান বাড়ির মালিক ইদ্রিস আলী। তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে চোরদের ধাওয়া করেন। এ সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও মিজানুর রহমানকে আটক করেন স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ জনতার পিটুনিতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় মিজানুরকে উদ্ধার করে। পরে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মিজানুর রহমানের মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মামুনুর রশীদ আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম থেকে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: