• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪০, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩

সাতক্ষীরার তালায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা ও কর্তব্যরত পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

জানা গেছে, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করে আসছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এর আগে একাধিক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারে গ্রাম পুলিশ সোহেল শেখকে হুমকি ও মারধর করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় তিনি তালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির সূত্র ধরে রবিবার রাতে তালা থানার উপপরিদর্শক (এসআই) তপনের নেতৃত্বে পুলিশের একটি দল হাজরাকাটি গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ হযরত নামে এক অভিযুক্তকে আটক করে। পরে তার সহযোগী কয়েকজন মাদক কারবারি সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। তারা দলবদ্ধভাবে পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।

পরিস্থিতির অবনতি হওয়ার খবর পেয়ে তালা থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা নুরুল ইসলাম বিশ্বাস ওরফে নুরুর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এসআই তপন জানান, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর মব সৃষ্টি এবং মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁকে আটক করা হয়েছে।

তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা জিডির ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে পুলিশের কাজে বাধা দিয়ে তাদের ওপর মব সৃষ্টি করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: