ঢাকার কাঁচপুর থেকে মোংলায় আনা হচ্ছিল ১২০ কেজি গাঁজা, অতঃপর...
যাত্রীবাহী পরিবহনের চেচিসে লুকিয়ে মোংলায় আনা হচ্ছিল ১২০ কেজি গাঁজার একটি বড় চালান। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার ব্রাহ্মণমেঠ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পরিবহনের চালক, হেলপার ও মাদক পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে এসআরবি-০৬। এ সময় ছয়টি কার্টনে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পারভেজ, নুর আমিন ও আমিনুর রহমান। তাদের সবার বাড়ি রংপুর সদর উপজেলায়। এসআরবি-০৬ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এসআরবি-০৬-এর (খুলনা) উপপরিচালক সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহন বাগেরহাটের মোড়েলগঞ্জ হয়ে মোংলার দিকে আসছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিবহনটির ওপর নজরদারি করা হচ্ছিল।
পরে পরিবহনটি ব্রাহ্মণমেঠ এলাকায় পৌঁছালে সেটি থামিয়ে চালক, হেলপার ও অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পরিবহনের পেছনের অংশের চেচিসে গাঁজা লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ছয়টি কার্টন থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-০৬ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একই পরিবহনে এর আগেও গাঁজা পরিবহন করা হয়েছে বলে স্বীকার করেছেন। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করে এই মাদক চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-০৬।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: