শারজাহ থেকে শাহজালালে এলো বিপুল বিদেশি সিগারেট, জব্দ করলো কাস্টমস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের ‘সি’ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে জি৯-৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। এ সময় তিন যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এসব পণ্য পাওয়া যায়।
তল্লাশিকালে যাত্রী মোহাম্মদ শাহীনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ আটক করা হয়। এ ছাড়া কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং অপর যাত্রী বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই তিন যাত্রীর কাছ থেকে সব মিলিয়ে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: