অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
অনলাইন বেটিং ও জুয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিভিন্ন ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার মো. মনোয়ার হোসেন (৪১), মো. মারুফ হোসেন হলি (২৭) এবং সাঁথিয়া উপজেলার মো. ইলিয়াস হোসেন রাজু (২৬)। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।
সিআইডি জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আতাইকুলা থানার আর/আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকা থেকে ইলিয়াস হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টা ৩৫ মিনিটে সাঁথিয়া থানার কাশিনাথপুর বাজার এলাকা থেকে মনোয়ার হোসেন ও মারুফ হোসেন হলিকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে সিআইডি জানতে পারে, দেশে ও বিদেশে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব সাইটের বিজ্ঞাপন প্রচার করা হয়। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে বেটিংয়ের আয়োজন করা হয়।
তদন্তে সিআইডি জানতে পারে, বেটিং সাইটে টাকা জমা ও উত্তোলনের জন্য বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার করা হয়। চক্রটি বিভিন্ন এলাকার এজেন্টদের মাধ্যমে এসব হিসাব সংগ্রহ করে এবং টেলিগ্রামসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে বেটিং সাইট পরিচালনাকারীদের কাছে সরবরাহ করে।
সিআইডির প্রাথমিক তদন্তে আরও তথ্য পাওয়া গেছে, এসব হিসাবে জমা হওয়া অর্থ কমিশন রেখে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর এবং পরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো।
এ ঘটনায় সিআইডি পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
সিআইডি অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম থেকে বিরত থাকতে এবং এ ধরনের অবৈধ লেনদেন সম্পর্কে তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: