কলেজছাত্র জাকারিয়া খাঁন হত্যা: ৪ দিনের রিমান্ডে গ্রেফতারকৃত বনি
সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত মুহিত হাসান বনিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেনের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বুধবার (৭ অক্টোবর) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া মুহিত হাসান বনি (২০) সাতক্ষীরা শহরতলীর ইটাগাছার মৃত ফিরোজউদ্দিনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পুলিশ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে বনিকে গ্রেফতার করে। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বুধবার উভয়পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশ হাতে পাওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
রিমান্ড শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. অজয় কুমার সরকার। অপরদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সিএসআই মাজাহারুল ইসলাম।
উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সংবর্ধনায় একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানস্থলের সন্নিকটে রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে সন্ত্রাসী নাহিদসহ কয়েকজন তাকে মারপিট শুরু করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে একাধিক মামলার আসামি সন্ত্রাসী নাহিদের ছুরিকাঘাতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ফলপ্রত্যাশী জাকারিয়া খাঁন মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে শনিবার রাতে সন্ত্রাসী নাহিদ হাসানকে প্রধান (১ নম্বর) আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মঙ্গলবার ভোর চারটার দিকে এ মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও তার সহযোগী অমিত হাসান শিপনকে কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: