• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রবাসীর মৎস্য প্রকল্পে ভাঙচুর, বিষ প্রয়োগে ৬ লাখ টাকার মাছ নিধন!

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১২:০১, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:০২, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রবাসীর মৎস্য প্রকল্পে ভাঙচুর, বিষ প্রয়োগে ৬ লাখ টাকার মাছ নিধন!

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক প্রবাসীর মৎস্য প্রকল্পে ভাঙচুর ও পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে পাংশা উপজেলার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী আসাদ মন্ডলের মাছের প্রজেক্টে পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের মাছ মরে ভেসে উঠেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী আসাদ মন্ডল বলেন, প্রায় ১৬-১৭ বছর সিঙ্গাপুরে শ্রম দিয়ে উপার্জন করা অর্থ দিয়ে তিনি এলাকায় মাছের প্রজেক্ট গড়ে তুলেছেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয় বলেও দাবি করেন আসাদ।

আসাদের অভিযোগ, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বহিরাগত লোকজন নিয়ে তার মাছের প্রজেক্টে প্রবেশ করে সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। এ সময় পুকুরপাড়ের প্রায় ৫০টি কলাগাছ কেটে নিয়ে যাওয়া হয়। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হামলাকারীরা যাওয়ার সময় তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর রাতের কোনো একসময় পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আসাদের চাচাতো ভাই রফিক মন্ডল অভিযোগ করে বলেন, যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল লোকজন নিয়ে অস্ত্রসহ তার ভাইয়ের পুকুরে প্রবেশ করে ভাঙচুর চালান। পরে বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয়। সকালে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখা যায়।

আসাদ মন্ডলের বাবা মোহাম্মদ আলী মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে কালাম তাদের বিভিন্নভাবে হয়রানি করছিলেন। বিভিন্ন সময় চাঁদা দাবি করা হয়েছে। তার দুই ছেলে প্রবাসে থাকেন। মঙ্গলবারও এসে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, ঘটনাটি যে বা যারাই ঘটিয়ে থাকুক, তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, পুকুরের চারপাশে থাকা তারকাঁটার বেড়া ও প্রাচীর ভাঙচুর করা হয়েছে। একই রাতে ওই পুকুরের মাছ নিধন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। তিনি আরও বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত