সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার মাদক ফেলে পালালো পাচারকারীরা
টেকনাফের সেন্টমার্টিনের কাছে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও সাড়ে ২১ কেজি হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশের সমুদ্রসীমার অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি নজরে আসে।
পরে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে দেয়। এরপর তারা বোট নিয়ে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্ট গার্ডের আভিযানিক দল সমুদ্রে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে। এ সময় সেগুলোর ভেতর থেকে চার লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪২ কোটি টাকা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: