• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ভুয়া এফডিআর বানিয়ে গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

প্রকাশিত: ১৯:৫৫, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৫৬, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ভুয়া এফডিআর বানিয়ে গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

অতিরিক্ত সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের নামে ভুয়া এফডিআর তৈরি, চেক জালিয়াতি এবং ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তনের মাধ্যমে ৯১ গ্রাহকের ৮ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৮২৬ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অগ্রণী ব্যাংকের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় তাদের গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুন্সিগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুদকের সহকারী পরিচালক মাহাথীর মোহাম্মদ সামী ও উপসহকারী পরিচালক মো. রবিউল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাময়িক বরখাস্ত ক্যাশ অফিসার মো. জিন্নাহ হোসেন, সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রেজাউল হক, সাবেক ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. শরীফ উদ্দীন, নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ এবং সাময়িক বরখাস্ত নিরাপত্তাকর্মী আব্দুল হাই। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

দুদকের অনুসন্ধানে এখন পর্যন্ত ৯১ জন ক্ষতিগ্রস্ত গ্রাহকের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনের বক্তব্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে ৮ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৮২৬ টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি।

দুদক সূত্রের তথ্য অনুযায়ী, বেশি সুদ দেওয়ার কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করা হতো। পরে তাদের নামে ভুয়া এফডিআর তৈরি করে চেক জালিয়াতি ও ভুয়া জমা স্লিপ ব্যবহারের মাধ্যমে অর্থ তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তন করেও অর্থ আত্মসাৎ করা হয়েছে।

তবে অনুসন্ধান এখনো শেষ হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা এবং আত্মসাতের অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছে দুদক। সংস্থাটির ধারণা, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে।

অভিযোগের বিষয়ে আরও তথ্য-প্রমাণ সংগ্রহের পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা এবং আত্মসাৎ করা অর্থের পরিমাণ নির্ধারণে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুদক। অনুসন্ধান শেষে এ ঘটনায় দ্রুত মামলা (এফআইআর) দায়ের করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত