• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পার্লারে কাজের কথা বলে আনা হয় যৌনপল্লীতে, যেভাবে উদ্ধার হলো কিশোরী

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৪২, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪২, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পার্লারে কাজের কথা বলে আনা হয় যৌনপল্লীতে, যেভাবে উদ্ধার হলো কিশোরী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পার্লারে কাজ দেওয়ার প্রলোভনে তাকে যৌনপল্লীতে নিয়ে বিক্রি করে। এবং জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে কোহিনূর (৩৫) নামে এক বাড়িওয়ালীকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

আটক কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার রইচ মণ্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে যৌনপল্লী থেকে পালানোর চেষ্টা করে ওই কিশোরী। এ সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ কয়েকজন তাকে ধাওয়া করে। দৌড়ে পালিয়ে কিশোরী দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকানে গিয়ে আশ্রয় নেয়। সেখানে উপস্থিত লোকজনের কাছে সে তার ওপর নির্যাতন ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ তুলে ধরে।

এসময় কিশোরী জানায়, পার্লারে কাজ দেওয়ার কথা বলে এক নারী গত ১৯ নভেম্বর তাকে যৌনপল্লীতে নিয়ে আসেন। পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে তাকে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হচ্ছিল। সোমবার সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে এসে দোকানটিতে আশ্রয় নেয়। ওই কিশোরী আরও  জানায়, নারী পাচারকারী চক্রের এক নারী তাকে ঢাকার সাভার এলাকা থেকে পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত কোহিনূরকে আটক করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন। নারী ও শিশু পাচার আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটক কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে।

বিভি/ডিএইচ/এজেড

মন্তব্য করুন: