রংপুরের সেই চাঞ্চল্যকর ৪ হত্যা মামলায় ডিএনএ টেস্টে মিললো নতুন তথ্য
রংপুরের আলোচিত মাছুয়াপাড়া চার খুনের মামলার তদন্তে ডিএনএ পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা খেজুর, শসা ও সিগারেটসহ কয়েকটি আলামত অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধা দাসের ব্যবহৃত বলে পরীক্ষায় শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে ডিএনএ পরীক্ষা শেষে প্রতিবেদন পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় খেজুর, শসা ও সিগারেটসহ কয়েকটি আলামতের সঙ্গে অভিযুক্ত সিদ্ধার্থ ও মুগ্ধা দাসের ব্যবহারের মিল পাওয়া গেছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনটি চার খুনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ভূমিকা রাখতে পারে।
এর আগে গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। মুগ্ধ দাস নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে এবং সিদ্ধার্থ দাস বিনয়চন্দ্র দাসের ছেলে।
বিভি/টিটি













মন্তব্য করুন: