স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সাতক্ষীরার আশাশুনিতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক রবিউল ইসলাম ওই এলাকার বাসিন্দা। তিনি গুনাকরকাটি বাজারে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শী গুনাকরকাটি গ্রামের কালাম সরদারের স্ত্রী হামিদা খাতুন জানান, তিনি একটি চালের চাতালে কাজ করছিলেন। এ সময় তিনি দেখতে পান, রবিউল ইসলাম চতুর্থ শ্রেণির ওই স্কুলছাত্রীকে অচেতন অবস্থায় বাইরে ফেলে রেখে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে চলে যাচ্ছেন।
পরে তিনি এগিয়ে গিয়ে অচেতন শিশুটিকে উদ্ধার করেন এবং মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শুনে তাকে বাড়িতে পৌঁছে দেন। একই সঙ্গে শিশুটির পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা রবিউল ইসলামকে আটক করে রাখেন। পরে আশাশুনি থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা-বাবাসহ স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: