• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:২১, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার দিবাগত (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই বাড়ির আব্দুল খালেকের ছোট ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে শহিদুলদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে নিহতের পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।

রাত সাড়ে ১২টার দিকে শহিদুল তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবারও আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়ান। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে শহিদুলের সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাদের নিবৃত্ত করে নিজ নিজ ঘরে পাঠিয়ে দেন। তবে এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।

পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের বড় ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে এসে ছুরি নিয়ে তার ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহতের বসতঘরের সামনে যান। ওই সময় ঘরের দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন শহিদুল। এ সময় আরমান ও ফুয়াদ দুই ভাই তার ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে শহিদুল মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান বোনজামাই মামুন। তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে শহিদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। ছেলের মৃত্যুর খবর শুনে আবুল কাশেম, অভিযুক্ত তার দুই ছেলে আরমান ও ফুয়াদসহ বাড়ির পুরুষ সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই নারীকে আটক করে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরমানের মা ও বোনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: