• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাড়ি থেকে ডেকে নিয়ে প্রবাসী ও তার সঙ্গীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ১৩:২৩, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাড়ি থেকে ডেকে নিয়ে প্রবাসী ও তার সঙ্গীকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের রাউজানে আপস-মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী ও তার সঙ্গীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ সময় প্রবাসীর পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রবাসী ইলিয়াস আলী ও তার সঙ্গী রুহুল আমিন। তাদের চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে সারোয়ারের নেতৃত্বে ১০টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জনের একটি দল উত্তরপাড়া এলাকায় যায়। পরে আপস-মীমাংসার কথা বলে ইলিয়াস আলী ও রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। বাড়ির সামনেই তাদের মারধর ও ছুরিকাঘাত করা হয়।

এ সময় ইলিয়াসের স্ত্রী, ছেলের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়। পরে হামলাকারীরা স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন নিয়ে চলে যায়। আহতদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতদের পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, গত দুই মাস ধরে সারোয়ার প্রবাসী ইলিয়াস আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে লোকজন নিয়ে এ হামলা চালানো হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আপসের কথা বলে ইলিয়াস আলী ও রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চাঁদাবাজির উদ্দেশ্যে ঘটেছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: