শীর্ষ মাদক ব্যবসায়ী সোবহানকে ছুরিকাঘাতে হত্যা
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. সোবহানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়ার তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সোবহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির আইসি এসআই নুরুল আলম আশেক জানান, নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোবহানের বিরুদ্ধে ১৮টি মাদক ও একটি হত্যা মামলার তথ্য রয়েছে। এর আগে বাকলিয়ার তক্তারপুল এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য ধরে রাখতে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
ওই হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি নিয়োগ এবং তাদের বিদেশি পিস্তল ও গুলি সরবরাহের অভিযোগও ছিলো। সে সময় পুলিশ তাকে গ্রেফতার করেছিলো বলে জানা যায়।
ধারণা করা হচ্ছে, পুরোনো বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। হত্যাকারীদের গ্রেফতারে বাকলিয়া থানার একাধিক টিম মাঠে কাজ করছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: