আদালত থেকে পালানো হত্যা মামলার সেই আসামি নেত্রকোণায় গ্রেফতার
ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে (২৫) নেত্রকোণা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এ সময় তার হাতে হ্যান্ডকাফ পরানো ছিল।
পুলিশ জানায়, আদালতে দায়িত্বরত এক কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান কাউসার। পরে তাকে নেত্রকোণা থেকে গ্রেফতার করা হয়।
কাউসার মিয়ার বিরুদ্ধে পোশাকশ্রমিক আলো আক্তারকে (১৭) হত্যার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় মঙ্গলবার তাকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকায় পোশাকশ্রমিক আলো আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। একই দিন ঘটনার সন্দেহভাজন আসামি হিসেবে টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেফতার করে পুলিশ।
পরে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন কাউসার। তিনি জানান, আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে আলো অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়ানোয় ক্ষোভ থেকে তাকে হত্যা করেন তিনি।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: