যশোরে আদালতের দেয়ালে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
যশোরে আদালতের দেয়ালে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ
যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর আদালতপাড়াসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ১৫ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, রাতে পর পর তিনটি বিকট শব্দ শুনে লোকজন বাইরে এসে ধোঁয়া দেখতে পান। মুহূর্তেই উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে। খবর পেয়ে সেখানে ছুটে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ নেতা-কর্মীরা।
তারা বলেন, শান্ত যশোর শহরকে অশান্ত করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে জুলাই স্মৃতির স্তম্ভেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
যশোর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, প্রেসক্লাব যশোরের সামনে সহকারী জজ আদালতের দেয়ালে দুটি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।
এদিকে, ককটেল বিষ্ফোরণের ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদল, যুবদল ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে সন্ত্রাসী ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: