চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে জেলা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম ও সন্ত্রাসপ্রবণ পাহাড়ি এলাকার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক দল একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থলে ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযানকালে ছয় জনকে আটক এবং রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ ।
পাহাড়ি ও দুর্গম এলাকাকে কেন্দ্র করে কোনো অপরাধী চক্র যেন সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ না পায়, তা নিশ্চিত করতে দুর্গম এলাকাগুলোতে অপরাধীদের অবস্থান শনাক্তকরণ, তাদের সম্ভাব্য আস্তানা চিহ্নিতকরণ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ।
বিভি/এসজি













মন্তব্য করুন: