• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

অবৈধভাবে উত্তোলনের সময় ড্রেজারসহ চারটি বোট ও বিপুল পরিমাণ বালু জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৩, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৪, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অবৈধভাবে উত্তোলনের সময় ড্রেজারসহ চারটি বোট ও বিপুল পরিমাণ বালু জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ চারটি বোট জব্দ করা হয়েছে। এসময় খোলপেটুয়া নদীর তীরবর্তী আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানীসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলনকৃত বালু ক্রয়-বিক্রয়ে জড়িত আবু মুছা কোম্পানীর ম্যানেজার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান। এসময় শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক সনজিত কুমার, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান লিটন, শিক্ষা সম্পাদক আরিফুর রহমানসহ উপজেলা প্রশাসন এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

স্থানীয়রা জানায়, ইজারা না থাকার পরও আব্দুর রহমান বাবু ও যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে কিছু ব্যক্তি অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করছিল। বিষয়টি নিয়ে সুধী মহলসহ স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের কাছে নদীভাঙনের শংকার কথা জানিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আবেদন করে। 

একপর্যায়ে শ্যামনগর উপজেলা প্রশাসন খোলপেটুয়া নদীতে আকস্মিক অভিযান শুরু করে। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে দিনভর ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয় খোলপেটুয়া নদীতে। 

একপর্যায়ে তারা খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজারস্থাপনকৃত অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করে। পরবর্তীতে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাঁদা জব্দ করে। এসময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে দুই মাসের কারাদন্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। 

ভ্রাম্যমান আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস জানান, জব্দকৃত বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় চেয়ারম্যান ও সহকারী ইউনিয়ন ভুমি কমকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে দাম নির্ধারণ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রির পর সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: