বাল্যবিয়ে আয়োজনের অভিযোগ, বর-কনের বাবার ১৫ দিনের কারাদণ্ড
সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বর ও কনের বাবাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বরের বাবাকে ৩ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বরের বাবা উপজেলার নগরঘাটা এলাকার মো. নুরুল ইসলাম (৪৫) এবং কনের বাবা তালা সদরের মহল্লাপাড়া এলাকার শেখ সুমন (৩৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহল্লাপাড়া এলাকায় একটি বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে বর ও তার স্বজনেরা পালিয়ে যান।
তবে বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বর ও কনের বাবাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বরের বাবাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে জানান, সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বিভি/সাতক্ষীরা/পিএইচ













মন্তব্য করুন: