• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রামপুরায় ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে গুলি, দুই কর্মচারী আহত

প্রকাশিত: ২২:৩৫, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রামপুরায় ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে গুলি, দুই কর্মচারী আহত

রাজধানীর রামপুরার ওয়াবদা রোডে চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সন্ধ্যা ৭টার দিকে ওয়াবদা রোডের তাকওয়া মসজিদের পাশে ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান ও সাজু আহমেদ।

নেটওয়ার্ক প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই দুই কর্মচারীসহ আরও কয়েকজন কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ চারজন দুর্বৃত্ত সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। দুই-এক মিনিটের মধ্যেই তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। দুর্বৃত্তদের গুলিতে হাবিবুর ও সাজু আহত হন। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

মাজহারুল ইসলাম আরও জানান, প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় চাঁদাবাজ বাদশা, জনি ও তাদের লোকজন ফোন করে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে এখন পর্যন্ত তাদের সেই চাঁদার টাকা দেওয়া হয়নি। এর জের ধরেই আজকের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আহত সাজু আহমেদ জানান, চারজনের মধ্যে তিনজন কার্যালয়ের ভেতরে ঢোকেন এবং একজন বাইরে দাঁড়িয়ে ছিলেন। ভেতরে ঢুকেই ওই তিনজন বলতে থাকেন, ‘তোদের এখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিসনি কেন?’ এ কথা বলেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। কয়েক সেকেন্ডের মধ্যেই হামলা চালিয়ে তারা সেখান থেকে চলে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, সবুজের ডান পায়ে এবং হাবিবুরের বাম হাতে গুলি লেগেছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি রামপুরা থানাকে জানানো হয়েছে।

বিভি/এফআর/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত