মানবপাচার চক্রের আস্তানায় অভিযান, নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লেঙ্গুরবিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এরা সকলেই রোহিঙ্গা নাগরিক।
জানা যায়, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অংশ নেয় যৌথ আভিযানিক দল। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই এলাকায় সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রেখেছিল একটি মানবপাচারকারী চক্র।
অভিযান চলাকালে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটনাস্থল থেকে পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা। অভিযান শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিভি/জেএ/পিএইচ













মন্তব্য করুন: