মোহাম্মদপুরে ‘ঘাড়কাটা মাসুম’ ও ১৫ মামলার আসামিসহ গ্রেফতার ৫
রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দলনেতা ও একাধিক মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার হওয়া এই পাঁচজনের কাছ থেকে দুটি সামুরাই জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং ও কাটাসুর এলাকায় এসব অভিযান চালানো হয়। এসআরবি-২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সাব্বির হোসেন (২৫), মাসুম ওরফে ঘাড়কাটা মাসুম (৩৬), নূরে আলম (৩০), মো. ইসলাম শেখ ওরফে ইল্লু (৩২) এবং মো. তানভীর (২৩)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করা সাব্বির, মাসুম ও নূরে আলমকে একটি সামুরাইসহ ধরা হয়। একই রাতে কাটাসুর এলাকায় চালানো অন্য অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত কিশোর গ্যাং ‘মাহি গ্রুপের’ দলনেতা ইসলাম শেখ ও তানভীরকে আরও একটি সামুরাইসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানের বরাতে এসআরবি-২ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করার পাশাপাশি আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টি করে আসছিল। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তাদের জড়িত থাকার তথ্য মিলেছে।
তাদের অপরাধের পূর্ববর্তী নথি যাচাই করে জানা যায়, সাব্বিরের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ মোট ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া মাসুমের বিরুদ্ধে নয়টি, নূরে আলম ও ইসলাম শেখের বিরুদ্ধে তিনটি করে এবং তানভীরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা, অপহরণ ও চুরির মামলা রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরবি-২।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: