নেশার টাকা না দেওয়ায় শাবলের আঘাতে মাকে হত্যা, ছেলে আটক
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট এলাকায় শাবলের আঘাতে মাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে রবিউলকে আটক করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ভাষানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত নিরু বেগম (৫৫) ওই এলাকার আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রী।
নিহতের পরিবারের সদস্য এবং স্থানীয় প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় আজ সকালে নেশায় আসক্ত রবিউল মায়ের কাছে টাকা দাবি করেন। কিন্তু নিহত নিরু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে মা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এর এক পর্যায়ে রবিউল ঘরে থাকা শাবল দিয়ে মাকে আঘাত করে ঘর থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে অচেতন নিরু বেগমকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক নিরু বেগমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। একই সময় ঘাতক রবিউলকে আটকে অভিযান চালানো হয়। তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।
ওসি আরো বলেন, দুপুরে লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একমাত্র রবিউলকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মামলা দায়ের হলে ওই মামলায় রবিউলকে গ্রেফতার দেখিয়ে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: