• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মাদক নয়, টাকা-গহনা লুটই সপরিবারে শিক্ষক হত্যার মূল উদ্দেশ্য

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৫:২১, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাদক নয়, টাকা-গহনা লুটই সপরিবারে শিক্ষক হত্যার মূল উদ্দেশ্য

ফাইল ছবি

রংপুর ব্যুরো: রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পুলিশ। ছাদে মাদক সেবন করতে দেখে ফেলায় নয়, বরং পূর্বপরিকল্পিতভাবে বাসায় গচ্ছিত টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করতেই ওই পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আলোচিত এ হত্যা মামলায় দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মহানগর পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ।

পুলিশ কমিশনার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মহানগর ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেছেন। এতে প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তে এ দুজন ছাড়া অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। মামলার তদন্তে ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং ৬৬টি আলামত সংগ্রহ করা হয়েছে।

পুলিশের এ বক্তব্যের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের কারণ নিয়ে আগে দেওয়া বক্তব্যের সঙ্গে নতুন তথ্যের ভিন্নতা দেখা দিয়েছে। মরদেহ উদ্ধারের পর তৎকালীন পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানিয়েছিলেন, ছাদে মাদক সেবন করতে দেখে ফেলায় প্রথমে গণপতি চক্রবর্তীকে এবং পরে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকে হত্যা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ। তবে মামলার তদন্ত শেষে পুলিশ এখন বলছে, অর্থ ও স্বর্ণালংকার লুটই ছিল হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই পরিবারের চার সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ডে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ওই এলাকার প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। গ্রেফতার দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।

এদিকে, আলোচিত এ মামলায় আসামিদের বন্ধু সীমান্ত দাস, দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত এবং মাদক সরবরাহকারী শান্ত দাস ওরফে পুঁটি শান্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

চূড়ান্ত চার্জশিট দাখিলের মধ্য দিয়ে বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্তপর্ব শেষ হলো। এখন আদালতে বিচারিক কার্যক্রমের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

বিভি/রংপুর/পিএইচ

মন্তব্য করুন: