চিংড়িতে জেলি পুশকারী দুই ব্যবসায়ী হাতেনাতে ধরা, জরিমানা ৭০ হাজার
সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছের মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করার অপরাধে দুই মৎস্য ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮০ কেজি চিংড়ি মাছ জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নুরনগর বাজারের দুটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- শ্যামনগর উপজেলার নুরনগর বাজারের মৎস্য ব্যবসায়ী মো. হাবিবুল্লাহ ও মো. নুরুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নুরনগর বাজারের দুটি মৎস্য আড়তে চিংড়ির মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করা হচ্ছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ওই দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ৮০ কেজি চিংড়ি মাছ।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ব্যবসায়ী হাবিবুল্লাহকে ৫০ হাজার টাকা এবং নুরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। দুই ব্যবসায়ীকে সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া জব্দ করা চিংড়ি মাছ স্থানীয় জনসাধারণের সামনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা এবং শ্যামনগর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
বিভি/সাতক্ষীরা/পিএইচ













মন্তব্য করুন: