মুন্সীগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টা, অভিযুক্ত যুবক পলাতক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাপ্পি নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত মা ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুক্তারপুর এলাকায় ভুক্তভোগীদের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ইভা বেগম (৪০) ও তার মেয়ে রূপা আক্তার (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা এগিয়ে গিয়ে রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় আশপাশের লোকজন জড়ো হলে মীরকাদিম এলাকার বাপ্পি নামের এক যুবককে সেখান থেকে পালিয়ে যেতে দেখেন বলে দাবি করেন স্থানীয়রা।
তাদের অভিযোগ, পালিয়ে যাওয়ার সময় ওই যুবকের হাতে ধারালো অস্ত্র ছিল। পরে আহত মা ও মেয়েকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/মুন্সীগঞ্জ/পিএইচ













মন্তব্য করুন: