ডিবির পৃথক অভিযানে গুলিসহ ৫ ওয়ান শুটারগান উদ্ধার, গ্রেফতার ১
রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে দেশীয় তৈরি পাঁচটি একনলা (ওয়ান শুটারগান) বন্দুক, গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) ভোরে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকার গোদার বাজার ঘাট থেকে অন্তর মোড়গামী বেড়িবাঁধে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন বড় বাজার ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উড়াকান্দা বিচ (ইউকে বিচ) এলাকার উত্তর পাশে গোদার বাজার ঘাট থেকে অন্তর মোড়গামী বেড়িবাঁধে কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে সেখানে অভিযান চালায় ডিবির একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন জালাল প্রামাণিককে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে কাঠের বাট ও বডিযুক্ত ১২ বোরের ফায়ারিং পিনযুক্ত দুটি এবং কাঠের বাটযুক্ত ফায়ারিং পিন ও ম্যাগাজিন সংবলিত আরও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরিহিত প্যান্টের পকেট থেকে পাঁচটি ১২ বোরের কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতার জালাল প্রামাণিকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা ও একটি অস্ত্র আইনের মামলাসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, একই দিন রাজবাড়ী সদর থানা এলাকায় ডিবির আরেকটি বিশেষ অভিযানে উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। সেগুলোও বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
পৃথক দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিভি/রাজবাড়ী/পিএইচ













মন্তব্য করুন: