অর্থনীতিতে সুবাতাস, সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা
দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৪ হাজার কোটি টাকার বেশি, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই মাসে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৬ কোটি ডলার এবং আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারের রেমিট্যান্স দেশে আসে। ফলে অর্থবছরের প্রথম তিন মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার।
এ আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৫–২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার।
রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। বৈধ পথে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের সরবরাহ বৃদ্ধি পায়, যা আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।
খাত সংশ্লিষ্টদের মতে, হুন্ডি নিরুৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ করার ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়ায় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়ছে।
এদিকে ২০২৫–২৬ অর্থবছরে বৈধ চ্যানেলে দেশে রেকর্ড ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরে এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।
বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
বিভি/টিটি













মন্তব্য করুন: