জ্বালানি খরচের প্রভাবে চড়া নিত্যপণ্যের বাজার
রাজধানীর বাজারে সবজির দামে যেন আগুন। কেজিপ্রতি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে শিম। বেশিরভাগ সবজি কিনতেও গুনতে হচ্ছে ৭০ টাকার বেশি। এর সাথে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও মুরগির মাংস, ডিম এবং মাছ। আর মুদি দোকানেও স্বস্তি নেই—বিশেষ করে বেড়েছে ভোজ্যতেলের দাম।
ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। এর প্রভাব পড়ছে প্রায় সব নিত্যপণ্যের বাজারেই।
রাজধানীর কাঁচাবাজারে ঢুকলেই চোখে পড়ছে বাড়তি দামের চাপ। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম—কেজি ২০০ টাকা। সবজির পর এবার মাংসের বাজারেও বাড়তি চাপ। বাজারভেদে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। মুরগির দামও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না।
ডিমের বাজারেও চোখে পড়ছে বাড়তি দামের চাপ। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন ও পরিবহন দুই দিকের বাড়তি খরচই প্রভাব ফেলছে বাজারদরে।
এদিকে মাছের বাজারেও নেই স্বস্তি। বাজারভেদে বিভিন্ন মাছের দামে রয়েছে ওঠানামা। তবে সবচেয়ে বেশি আলোচনায় ইলিশ—কেজিপ্রতি দাম ছাড়িয়েছে দুই হাজার টাকা।
এদিকে সপ্তাহান্তে ভোজ্যতেলের দামে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। হঠাৎ দাম বৃদ্ধির কারণে ক্ষোভ ঝাড়ছেন ব্যবসায়ীরা।
সবজি থেকে শুরু করে মাছ-মাংস, ডিম কিংবা মুদি দোকান—প্রায় প্রতিটি বাজারেই এখন বাড়তি দামের চাপ।
ব্যবসায়ীরা এর পেছনে জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধিকে দায়ী করলেও, বাড়তি দামের এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
বিভি/এসজি













মন্তব্য করুন: