• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

অর্থনীতিতে মন্দার ছায়া, দেড় লাখ কোটি টাকা ঘাটতির শঙ্কা

প্রকাশিত: ০৮:২৬, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:১৯, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অর্থনীতিতে মন্দার ছায়া, দেড় লাখ কোটি টাকা ঘাটতির শঙ্কা

ফাইল ছবি

একদিকে উচ্চ মূল্যস্ফীতিতে ভোক্তার পকেটে টান, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যে মন্দার আশঙ্কা। এর প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়ে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪২ হাজার কোটি টাকার বেশি। অর্থনীতির বর্তমান পরিস্থিতি সামাল দিতে না পারলে বছর শেষে এই ঘাটতির পরিমাণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

দেশের কলকারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ না হলেও অর্থনীতিতে প্রত্যাশিত গতি ফিরছে না। উচ্চ মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় করতে পারছে না এনবিআর।

ক্যালেন্ডারে নভেম্বর মাস চললেও এখন পর্যন্ত অর্থবছরের প্রথম তিন মাসের রাজস্ব আদায়ের তথ্য পাওয়া গেছে। এই তিন মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার সঙ্গে প্রকৃত আদায়ের ব্যবধান ৪২ হাজার কোটি টাকার বেশি। মূল্য সংযোজন কর (ভ্যাট), শুল্ক ও আয়কর—কোনো খাতেই সন্তোষজনক রাজস্ব আদায় করতে পারেনি এনবিআর।

ব্যবসায়ীরা বলছেন, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্যে গতি কমেছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় পণ্যের চাহিদাও আগের তুলনায় দুর্বল। অন্যদিকে উৎপাদন ও ব্যবসার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সরকারের রাজস্ব আদায়ে।

অর্থনীতি বিশ্লেষকরাও ব্যবসায়ীদের এই যুক্তিকে অমূলক মনে করছেন না। তাঁদের মতে, রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ার পেছনে অর্থনৈতিক মন্দাভাবের পাশাপাশি এনবিআরের অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রাও দায়ী। একই সঙ্গে রাজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত অটোমেশন না থাকা এবং কর আদায় ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, রাজস্ব আদায়ের এই ঘাটতি মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত ও সাহসী সংস্কার প্রয়োজন। তা না হলে সরকারের উন্নয়ন ব্যয় ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে বাড়তি ঋণের ওপর নির্ভর করতে হতে পারে।

এতে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়লে বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে রাজস্ব আদায়ের এই ঘাটতি শুধু সরকারের কোষাগারেই চাপ তৈরি করছে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন: