• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কারখানায় অসন্তোষের প্রভাব রপ্তানি বাজারে, অর্ডার নিয়ে বিপাকে বায়িং হাউজগুলো

প্রকাশিত: ১৫:০৫, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৩৭, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কারখানায় অসন্তোষের প্রভাব রপ্তানি বাজারে, অর্ডার নিয়ে বিপাকে বায়িং হাউজগুলো

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কারখানাগুলোতে অস্থিরতা, ভাঙচুর এবং উৎপাদন বন্ধ থাকার জেরে আন্তর্জাতিক ক্রেতা ও বায়িং হাউজগুলো নতুন ক্রয়াদেশ (অর্ডার) দেওয়া এবং চলমান অর্ডারগুলো সময়মতো জাহাজীকরণ (শিপমেন্ট) নিয়ে গভীর জটিলতায় পড়েছে।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির তুলনায় তাদের মজুরি অপ্রতুল। বকেয়া বেতন পরিশোধ, হাজিরা বোনাস বৃদ্ধি, টিফিন বিল এবং স্থায়ী চাকরির নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে তারা কর্মবিরতি ও বিক্ষোভ করছেন। অন্যদিকে, মালিকপক্ষ ও বিজিএমইএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং ইতোমধ্যে অনেক দাবি বাস্তবায়ন করা হয়েছে। তবে বহিরাগতদের উসকানি ও কারখানায় ভাঙচুরের কারণে শিল্পের পরিবেশ নষ্ট হচ্ছে। 

বিজিএমইএ সূত্রে জানা গেছে, সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৫৬টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। কারখানা বন্ধ থাকায় গড়ে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ কোটি টাকার সমমূল্যের রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে বলে। এমন পরিস্থিতিতে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে না এলে কারখানা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথাও ভাবছেন পোশাকশিল্পের মালিকরা। 

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ এবং উৎপাদন কার্যক্রমের ওপর এর প্রভাব পর্যালোচনা করা হয়। এতে বিজিএমইএর সাবেক নেতা ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। বৈঠকে শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত থাকবেন কিনা, তা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে মালিকদের মধ্যে মতভিন্নতা রয়েছে। শনিবারের সভায় বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। 

এদিকে সময়মতো পণ্য ডেলিভারি না পাওয়ার আশঙ্কায় বিদেশি ক্রেতারা জরুরি অর্ডার পার্শ্ববর্তী দেশ ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে বায়িং হাউজগুলো জানিয়েছে। নির্ধারিত সময়ে সমুদ্রপথে পণ্য পাঠাতে না পারায় জরিমানা এড়াতে অনেক রপ্তানিকারককে ব্যয়বহুল আকাশপথে (এয়ার শিপমেন্ট) পণ্য পাঠাতে হচ্ছে, যা উৎপাদন খরচ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। 

শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য অ্যাপারেল সোর্সিং প্রতিষ্ঠান এস এম ক্লোথিং-এর ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান বাংলাভিশনকে জানান, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশ এখনো একটি গুরুত্বপূর্ণ সোর্সিং ডেস্টিনেশন। তবে ক্রেতারা শুধু কম দাম দেখেই কোনো দেশকে বেছে নেন না। দামের পাশাপাশি পণ্যের মান ও অন-টাইম ডেলিভারি সমান গুরুত্বপূর্ণ। মেহেদি বলেন, “বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হল ক্রেতাদের আস্থার জায়গায় অনিশ্চয়তা তৈরি হওয়া। যদি শ্রমিক অসন্তোষ দীর্ঘস্থায়ী হয় এবং উৎপাদন ও শিপমেন্টে বারবার সমস্যা দেখা দেয়, তাহলে অনেক ক্রেতা বিকল্প সোর্সিং ডেস্টিনেশন হিসেবে ভিয়েতনাম, ভারত বা অন্যান্য দেশের দিকে ঝুঁকতে পারেন। এতে দীর্ঘমেয়াদে অর্ডার ও প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”

বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা প্রায় ১০০ ডলারের সমান। প্রায় এক মাস ধরে শ্রমিক প্রতিনিধিরা তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন। দ্রুত মজুরি বোর্ড গঠনের দাবিও ছিল তাদের। তবে নতুন মজুরি বোর্ড গঠনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি।

শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, অস্থিরতা দ্রুত কাটিয়ে উঠতে না পারলে বর্তমান উৎপাদন ও রপ্তানির পাশাপাশি আগামী কয়েক মাসের নতুন ক্রয়াদেশও হারাতে পারে বাংলাদেশ। দ্রুত উৎপাদন স্বাভাবিক করা না গেলে সংকটের প্রভাব কারখানার ক্ষতিতে সীমাবদ্ধ থাকবে না। ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া, জাহাজীকরণে বিলম্ব, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং ক্রেতাদের আস্থা কমে যাওয়ার কারণে দেশের পোশাক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয়ে দীর্ঘমেয়াদি চাপ তৈরি হতে পারে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: