টিসিবিতে নতুন ডিলার নিয়োগ, ঘরে বসেই আবেদন যেভাবে
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার নিয়োগে ডিজিটাল পদ্ধতি চালু করেছে। এখন থেকে নতুন ডিলার হতে আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। একই সঙ্গে আবেদনের অগ্রগতিও অনলাইনে জানা যাবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আবেদনকারীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আসন্ন পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করতে চায় সংস্থাটি। শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, আগে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হতো। এখন থেকে আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অনলাইনে জানতে পারবেন।
তিনি জানান, বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলছে। একই সঙ্গে আবেদনকারীদের দেওয়া তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
নতুন পদ্ধতিতে অনলাইনে জমা পড়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের তথ্য যাচাই ও মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। পরে তদন্ত প্রতিবেদন মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কাজ করছে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
টিসিবির চেয়ারম্যান বলেন, জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। এখনো সব জেলার প্রতিবেদন পাওয়া যায়নি। এ কারণে পুরো প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগছে।
তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বাকি নিয়োগও আসন্ন রমজানের আগেই শেষ করতে চায় টিসিবি।
উল্লেখ্য, ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
নতুন ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে আবেদন গ্রহণ, জেলা প্রশাসনের মাধ্যমে তথ্য যাচাই এবং মূল্যায়ন কমিটির পর্যালোচনার মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হবে। টিসিবির আশা, এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং রমজানের আগে পণ্য বিতরণ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া সহজ হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: