ইইউ ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ, বাজার দখলে এগোচ্ছে মিসর ও চীন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম পোশাকের বাজারে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে সামগ্রিক আমদানি কমার পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি আরও দ্রুতগতিতে কমায় কমেছে বাজার অংশীদারিত্ব। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদনের আলোকে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি)-এর বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে।
২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসে ইইউর সামগ্রিক ডেনিম আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২৪ শতাংশ কমে ৩ দশমিক ৪২ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকে ইইউর ডেনিম আমদানি ৫ দশমিক ৪৮ শতাংশ কমে হয়েছে ১ দশমিক ০১ বিলিয়ন ইউরো। এর ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব আগের ৩০ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ৪৮ শতাংশে নেমে এসেছে।
প্রতিবেদনে দেখা গেছে, বছরের মাঝামাঝি সময়ে মন্দা ভাব কাটিয়ে আগস্ট (+১১.৯১ শতাংশ) ও সেপ্টেম্বরে (+৩.৬৬ শতাংশ) ইইউর ডেনিম বাজার আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরেছে। তবে বাজার ঘুরে দাঁড়ালেও সেই গতিতে তাল মেলাতে পারেনি বাংলাদেশ। সেপ্টেম্বরে বাংলাদেশের রপ্তানি বেড়েছে মাত্র ০ দশমিক ৭০ শতাংশ, যার অর্থমূল্য ১৪৩ দশমিক ১২ মিলিয়ন ইউরো।
প্রতিযোগী দেশগুলোর অবস্থান
ইউরোপের বাজারে বাংলাদেশের পরই দ্বিতীয় বৃহত্তম ডেনিম সরবরাহকারী পাকিস্তান। আলোচ্য সময়ে দেশটির রপ্তানি ৬ দশমিক ৬৩ শতাংশ কমে ৬০৯ দশমিক ৭০ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে, যা মোট বাজারের ১৭ দশমিক ৮৫ শতাংশ।
অন্যদিকে, বড় ধরনের ধাক্কা খেয়েছে তুরস্ক। দেশটির রপ্তানি ২০ দশমিক ২৭ শতাংশ কমে ৪৯৮ দশমিক ১০ মিলিয়ন ইউরো হয়েছে এবং বাজার অংশীদারিত্ব ১৭ দশমিক ৭০ শতাংশ থেকে নেমে এসেছে ১৪ দশমিক ৫৮ শতাংশে।
তবে তুরস্ক ও পাকিস্তানের এই রপ্তানি কমার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে মিসর ও চীন। আলোচ্য ৯ মাসে মিসরের রপ্তানি ৩৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ২২৫ দশমিক ৭৬ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। লক্ষণীয় বিষয় হলো, মিসরের ৫৮ দশমিক ৪৯ মিলিয়ন ইউরো বাড়তি আয় বাংলাদেশের ৫৮ দশমিক ৩৫ মিলিয়ন ইউরো রপ্তানি হ্রাসের প্রায় সমান। একই সময়ে চীনের রপ্তানিও ২০ দশমিক ২৩ শতাংশ বেড়ে ২৩০ দশমিক ৫৪ মিলিয়ন ইউরো হয়েছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান বিএভির পর্যবেক্ষণে বলা হয়েছে, তুরস্ক ও পাকিস্তান ইউরোপের বাজারে যে অংশীদারিত্ব হারাচ্ছে, বাংলাদেশ তা দখল করতে পারছে না; বরং সেই শূন্যস্থানের বড় অংশই চলে যাচ্ছে মিসর ও চীনের হাতে।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: