সবুজ কারখানায় নতুন ইতিহাস, সংখ্যা ৩০০ ছাড়িয়ে শীর্ষে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) ‘লিড’ সনদ অর্জন করেছে দেশের তৈরি পোশাক, বস্ত্র ও আনুষঙ্গিক পণ্য খাতের আরও ১২টি কারখানা। নতুন এই ১২টিসহ দেশে এখন লিড সনদপ্রাপ্ত কারখানার মোট সংখ্যা দাঁড়াল ৩০২টিতে, যা বিশ্বে সর্বোচ্চ।
নতুন স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড সনদ পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট নিয়ে প্লাটিনাম ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে ঢাকার ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। এছাড়া বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত। ফলে শুধু কারখানার সংখ্যায় নয়, আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প স্থাপনেও বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি হয়েছে।
নতুন করে প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড, যা ৯১ পয়েন্ট অর্জন করেছে। একই জেলার প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড পেয়েছে ৮৮ পয়েন্ট এবং এল ইউসিন ফ্যাশন লিমিটেড পেয়েছে ৮৫ পয়েন্ট। নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬ পয়েন্ট অর্জন করেছে।
এছাড়া চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট এবং কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট পেয়েছে। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো অঞ্চলে অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও ৮২ পয়েন্ট করে অর্জন করেছে।
অন্যদিকে, নতুন করে গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, যা ৬৮ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড ৬৬ পয়েন্ট এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ পেয়েছে ৬৪ পয়েন্ট।
সংশ্লিষ্টরা বলছেন, লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বৃদ্ধি বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রগতির প্রতিফলন। জ্বালানি সাশ্রয়, পানি ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: