• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মন্দা কাটছে না শপিংমলে, ঘুরে দাঁড়াতে ঈদের অপেক্ষায় বিক্রেতারা

প্রকাশিত: ১৫:৩১, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মন্দা কাটছে না শপিংমলে, ঘুরে দাঁড়াতে ঈদের অপেক্ষায় বিক্রেতারা

সাপ্তাহিক ছুটির আগের রাত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শপিংমলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় একটি স্বাভাবিক চিত্র। সপ্তাহজুড়ে ব্যস্ততার পর এই সময়েই মূলত জমে ওঠে কেনাকাটা, বাড়ে বিক্রির পরিমাণ। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীর শপিংমলগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেকটাই ক্রেতাশূন্য হয়ে পড়েছে প্রাণকেন্দ্রের শপিংমলগুলো। ক্রেতাদের চাপ কমে যাওয়ায় সার্বিক বিক্রি নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিক শপিং মলে ঘুরে দেখা যায়, করিডর ও দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশ সীমিত। সাধারণত এদিন সন্ধ্যায় ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খান বিক্রয়কর্মীরা। কিন্তু বর্তমান বাস্তবতায় এমন খাঁ খাঁ পরিবেশে হতাশা প্রকাশ করেছেন মার্কেটের অনেক বিক্রেতা ও কর্মচারী।

ধানমণ্ডির অভিজাত শপিং কমপ্লেক্স রাপা প্লাজার লেডিস আইটেমের দোকান ‘সিন্দোন’-এর কর্মচারী আরাফাত হোসেন জানান, দীর্ঘদিন ধরেই তাদের ব্যবসায় মন্দাভাব চলছে। তার মতে, গত সাত-আট মাস ধরেই ব্যবসা খারাপ যাচ্ছে। এখন সামনে আসছে আসল চিত্র। তিনি বলেন, ‘আজকে সারাদিনে কোনো বিক্রিই হয়নি। উৎসবেও এখন আর আগের মতো বিক্রি হচ্ছে না। সামগ্রিকভাবে ব্যবসার অবস্থা খুবই খারাপ। মানুষ এখন কেনাকাটা না করে টাকা হাতে রাখছে।’

একই মার্কেটের আরেক কর্মচারী আরিয়ানের কণ্ঠেও ছিল হতাশার সুর। দিনের শেষভাগে এসেও কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় দুশ্চিন্তা প্রকাশ করে তিনি বলেন, ‘আগে এমন সময় যে পরিমাণ ক্রেতা থাকতো, এখন তার অর্ধেকও নেই। অনেকেই হয়তো এমনি ঘুরতে আসছেন, কিন্তু সবাই তো আর ক্রেতা না। আজকে সারাদিনে মাত্র ৫টা আইটেম বিক্রি হয়েছে।” 

দোকানি ও ব্যবসায়ীরা বাজার মন্দার পেছনে বেশকিছু কারণের কথা বলছেন। তাদের মতে, দেশের অর্থনৈতিক মন্দা ভাব সামগ্রিকভাবে কিছুটা প্রভাব ফেলেছে। তারা বলছেন, লাইফস্টাইল পণ্য সাধারণত উৎসবকেন্দ্রিক অধিক বিক্রি হয়। ঈদ, বৈশাখ, পূজার মতো নানা ধর্মীয় উৎসবের পাশাপাশি শীত মৌসুম ঘিরে গরম পোশাক বেশি বিক্রি হয়। তখন তাদের মুনাফাও বাড়ে। 

শীতের মৌসুম শুরু হলেও শীতের পোশাক নিয়ে খুব একটা আশাবাদী নন অনেক ব্যবসায়ী। ক্রেতা খরার এই সময়ে শীতের পোশাকে কতটা লাভের মুখ দেখা যাবে, তা নিয়ে সন্দিহান তারা। অনেক বিক্রেতা মনে করছেন, শীতের কালেকশন দিয়ে বড় ধরনের ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে।

তবে সব দোকানের চিত্র যে পুরোপুরি নেতিবাচক, তা নয়। ব্যতিক্রমী অবস্থার কথাও জানিয়েছেন কেউ কেউ। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘সিসওয়াক’-এর ক্যাশিয়ার শাহরিয়ার নাফিস বলেন, ‘আগে বিক্রি দুই লাখ টাকার মতো ছিল, এই মাসে অলরেডি ৩ লাখ টাকা বিক্রি হয়েছে। এটা আমাদের জন্য পজিটিভ।’ বিভিন্ন আইটেমে ডিসকাউন্ট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই মনে করেন, একেবারেই বিক্রি হচ্ছেনা দেখে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। কিন্তু প্রতিবছরই এই সময়ে আমরাসহ অনেক ব্র্যান্ডই ডিসকাউন্ট দিয়ে থাকে।’ 

সংশ্লিষ্টদের মতে, বাজারে উচ্চ মূল্যস্ফীতির চাপ এবং একই সঙ্গে মজুরি হার কমে যাওয়ায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্য হারে সংকুচিত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের কারণে বর্তমান পরিস্থিতিতে অনেক পরিবারই তাদের মৌলিক চাহিদা পূরণ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে।

এই অর্থনৈতিক টানাপোড়েনের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির ওপর। সীমিত আয়ে সংসারের খরচ সামলাতে গিয়ে তারা এখন আগের মতো স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন না। ফলে অতিপ্রয়োজনীয় পণ্য ছাড়া পোশাক বা অন্যান্য বাড়তি সামগ্রীর ক্ষেত্রে ক্রেতারা অনেক বেশি হিসাবি হয়ে উঠেছেন এবং প্রতিটি কেনাকাটাই করছেন নানাভাবে ভেবেচিন্তে। 

বর্তমান এই স্থবিরতা কাটিয়ে উঠতে এখন সামনের ঈদের দিকেই তাকিয়ে আছেন শপিংমলের ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, অর্থনৈতিক চাপ ও ক্রেতাদের অনাগ্রহ কেটে গিয়ে ঈদ মৌসুমে আবারও জমজমাট হয়ে উঠবে রাজধানীর শপিংমলগুলো।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: