• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রকাশিত: ১৬:৪৮, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৯, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ, দুনীর্তি, অনিয়ম, ব্যবসায়ের খরচ নিয়ন্ত্রণসহ সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। দেশে একটা টেকসই শাসনব্যবস্থা তৈরি করা না গেলে কোনো সম্ভাবনাই কাজে লাগবে না। এর জন্য প্রয়োজন চৌকস প্রশাসনিক শাসনব্যবস্থা। বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও কন্সপিরেসি থিউরি চলতেই থাকবে। তা মোকাবেলার জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্র তত্ত্বই খুব বেশি হালে পানি পায় না। তাই এর জন্য দরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন  বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার (২১ নভেম্বর) এফডিসিতে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা ও শাসনব্যবস্থার ভাঙা গড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। একতরফা বাণিজ্য সুবিধা পেয়ে আমাদের যে অভ্যাস হয়ে গেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশি—বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যে পরিবেশ দরকার সেদিকে বিগত সময়ে দৃষ্টি দেওয়া হয়নি। এলডিসির চ্যলেঞ্জ মোকাবিলায় সারা বিশ্বের সাথে আমাদের উৎপাদনশীলতাকে আরও সময়োপযোগী করতে হবে। পোশাকখাতের শ্রমিকদের মজুুরিবৃদ্ধি রাতারাতি পরিবর্তন করা যাবে না। এতে মালিক ও শ্রমিক দুই পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। এই খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে। যদি পোশাকশিল্প ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন হবে শ্রমিকরাই।  

মক স্পিকার হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের সময় আরও ৩ বছর বাড়ায় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। এই বর্ধিত সময় আত্মতুষ্টিতে না থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করতে হবে। নানা সীমাবদ্ধতার কারণে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ব্যবসায়ীরা এখনো প্রস্তুতি নিতে পারেনি। গ্র্যাজুয়েশনের পর পোশাক খাতের বড় কারখানাগুলোর তেমন অসুবিধা না হলেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত দেশের তৈরি পোশাকখাত। তৈরি পোশাকখাতের চলমান অস্থিরতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ইমেজ ক্ষুন্ন হবে, বিদেশি ক্রেতাদের আস্থা হারাবে। ফলে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় পোশাক খাত ঝুঁকিতে পড়বে। পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। 

তিনি বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ আছে, কিন্তু সঠিক প্রস্তুতি নিলে সেই চ্যালেঞ্জই সম্ভাবনায় পরিণত হবে। এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের সমাপ্তি নয়, সম্ভাবনার সূচনা। এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য দরজা বন্ধ হওয়ার গল্প নয়, বরং নতুন দরজা খোলার সুযোগ। এতে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে, ব্র্র্যান্ড ইমেজ উজ্জল হবে, ক্রেডিট রেটিং উন্নত হবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। ফলে নতুন বাজার ধরার সুযোগ তৈরি হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত শুল্কসুবিধা অর্জনের পাশাপাশি উৎপাদনশীলতা, দক্ষতা, প্রযুক্তি, মান, উদ্ভাবন ও সুশাসনের শক্তিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা।

‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

বিভি/ এআই

মন্তব্য করুন: